খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

এমপিদের স্ত্রী-সন্তান ও ভাগনেদের সারের ডিলারশিপ, নিয়োগ পুনর্বিবেচনার দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এমপিদের স্ত্রী-সন্তান ও ভাগনেদের সারের ডিলারশিপ, নিয়োগ পুনর্বিবেচনার দাবি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সারা দেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেছেন, এমনকি অর্থের বিনিময়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে এ বিষয়ে প্রশ্ন তুলে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে এক ধরনের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন। ১৫টি ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও ভাগনেদের ডিলারশিপ পাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না, তা কৃষিমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা সারের ব্যবসা করতেন, নতুন নিয়োগপ্রক্রিয়ায় তাদের সুযোগ করে দিতে মন্ত্রণালয় কিছু নিয়ম তৈরি করেছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সংসদ সদস্যদের পরিবারকেন্দ্রিক ব্যবসার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশে এই কালচার কবে—আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, হাসনাত আব্দুল্লাহ সারের ডিলার নিয়োগকে মহোৎসব হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি উৎসব শব্দটিকে ইতিবাচক অর্থে দেখছেন। মানুষ উৎসবের মতো করে ডিলারশিপ নিক, সেটাই তাঁর প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

ডিলার নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে কৃষিমন্ত্রী জানান, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে আবেদন আহ্বান করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ নিয়ম অনুসরণ করে ডিলার নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, আবেদনগুলো প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ে। পরে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে।

যাচাই-বাছাই শেষে প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি প্রস্তাবগুলো পর্যালোচনা করে।

কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির ছয় থেকে সাতজন সদস্য সম্মিলিতভাবে যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করেন। প্রস্তাবনায় জেলা প্রশাসকসহ কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল।

মন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেয়। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কমিটির পাঠানো প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম